দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক কার্যক্রম শুরু করেছে সরকার

১৪ মার্চ ২০২৬   06:30 AM(৩ সপ্তাহ আগে)   224 Views
পাচার হওয়া সম্পদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

দেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধার করতে সরকার দেশীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় ফৌজদারি ও দেওয়ানি কার্যক্রম শুরু করেছে। প্রথমে গোয়েন্দা তথ্য সংগ্রহ, তদন্ত এবং দালিলিক প্রমাণ যাচাই করা হচ্ছে। পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে দেশে ও বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। দেশে ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে, তবে আন্তর্জাতিক পর্যায়ে এখনও মামলা হয়নি।



সূত্র মতে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অর্থ ফেরাতে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে।



পাচার করা সম্পদ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে। ব্যাংকগুলোকে এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে এবং টাকা পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছয়টি বড় গ্রুপকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে বিদেশে মামলা করা হবে।



এদিকে বেসরকারি ১০টি ব্যাংক ৯টি আন্তর্জাতিক অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৬টি ঘটনার বিষয়ে চুক্তি করেছে। এসব প্রতিষ্ঠানের সহায়তায় পাচার হওয়া অর্থের তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চলছে। উদ্ধার হওয়া অর্থ থেকে নির্ধারিত কমিশন দেওয়া হবে, তবে কোনো নগদ অর্থ আগাম দেওয়া হবে না।



বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তথ্য সংগ্রহ করছে এবং সেগুলো দুদক ও সিআইডিকে দিয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়া যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেই দেশগুলোর সরকারের সঙ্গেও যোগাযোগ করে সম্পদ জব্দ ও ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত