মন্ত্রী পদকে ‌‘চাকরি’ হিসেবে নয়, ‘ইবাদত’ হিসেবে গ্রহণ করেছি :শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬   10:23 AM(৩ সপ্তাহ আগে)   252 Views
শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তিনি মন্ত্রী পদকে চাকরি হিসেবে নয়, বরং ইবাদত হিসেবে দেখেন। দেশের জন্য কাজ করাকেই তিনি নিজের দায়িত্ব ও ইবাদত মনে করেন। একই সঙ্গে মন্ত্রণালয়কে নিজের কর্মস্থল নয়, ইবাদতখানা হিসেবে বিবেচনা করেন বলেও মন্তব্য করেন তিনি।



শনিবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সদস্যদের সঙ্গে ইফতার-পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।



তিনি বলেন, আগামী ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি করতে চান, যার প্রভাব দীর্ঘমেয়াদে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। ধীরস্থিরভাবে এবং ভুল এড়িয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।



মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কর্মকর্তাদের গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে দ্রুত ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে। এখানে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য নয়, বরং দেশের শিক্ষার উন্নয়নে কাজ করতে এসেছেন।



এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিল বা শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

গ্লোলিংক অপ্রয়োজনীয় সংবাদ দিয়ে পাঠকদের সময় অপচয় ও মস্তিষ্ক ভারী করে না, প্রয়োজনীয় সংবাদ ও তথ্য যাচাই করে প্রকাশ করে

আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট

সর্বশেষ সংবাদঃ

সপ্তাহের সর্বাধিক পঠিত