১২ মার্চ শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক, গ্লোলিংক
নিজস্ব প্রতিবেদক । ঢাকা
আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসিত করার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। জোটের একাধিক নীতিনির্ধারক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই অধিবেশনেই নতুন স্পিকার নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি তাদের মূল এজেন্ডা হতে যাচ্ছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এই পরিকল্পনাকে ইতিবাচক উল্লেখ করে জানান, জোটভুক্ত ১১টি দলই এই প্রস্তাবের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেবে বলে তারা দৃঢ় আশাবাদী।
সংবিধানের ৫২নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগে কোনো রাষ্ট্রপতিকে অভিশংসিত করার আইনি সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরযুক্ত একটি লিখিত অভিযোগ স্পিকারের কাছে জমা দিতে হয়। নিয়ম অনুযায়ী, এমন নোটিশ প্রদানের ১৪ থেকে ৩০ দিনের মধ্যে সংসদে প্রস্তাবটি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য করতে হলে সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে অভিযোগটি প্রমাণিত হতে হয়। সংসদ যদি মনে করে উত্থাপিত অভিযোগ যথার্থ, তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার তারিখ থেকেই রাষ্ট্রপতির পদটি শূন্য হয়ে যাবে। উল্লেখ্য যে, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে অভিশংসিত করার নজির নেই, ফলে এই উদ্যোগটি রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে এক অনন্য দৃষ্টান্ত হতে যাচ্ছে।
আপনার বয়স কত দেখুন | আজকের সোনা রূপার দর | ডলার রেট